দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজধানীর গণভবনকে রূপান্তরিত করে নির্মিত ‘জুলাই স্মৃতি জাদুঘর’ আগামী ৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। জাদুঘরটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর গণভবনকে আন্দোলনের স্মৃতি সংরক্ষণের স্থান হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়। কয়েক দফা উদ্বোধনের পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি শেষ হওয়ায় আগামী ৫ আগস্ট জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।
জাদুঘরে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিভিন্ন স্মারক, আন্দোলনের দলিল, শহীদ ও আহতদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, রক্তমাখা পোশাক, ব্যানার, প্ল্যাকার্ডসহ নানা নিদর্শন সংরক্ষণ করা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আগামী ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জাদুঘরটির উদ্বোধন করবেন।
তিনি আরও জানান, ৫ আগস্ট ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে সরকারিভাবে পালন করা হবে। এ উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সরকারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার উদ্দেশ্যেই গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’-এ রূপান্তর করা হয়েছে।
এমএম/