দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বের বিভিন্ন শহরের বায়ুদূষণ দিন দিন বাড়ছে। রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। তবে আজ ঢাকার বাতাসে দূষণের মাত্রা অনেকটাই কম। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ সকালে ঢাকার অবস্থান বেশ নিচের দিকে রয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ৭টা ৪৬ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের লাইভ র্যাঙ্কিংয়ে দেখা গেছে, বিশ্বের ১০০টি প্রধান শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ৩১তম।
সকাল পৌনে আটটার দিকে ঢাকার বায়ুমানের সূচক বা একিউআই স্কোর ছিল ৭৪। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী এই স্কোরকে ‘মাঝারি’ বা গ্রহণযোগ্য বাতাস হিসেবে বিবেচনা করা হয়। এই মানের বাতাসে সাধারণত স্বাস্থ্যঝুঁকি কম থাকে, তবে সংবেদনশীল ব্যক্তিদের জন্য কিছুটা সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেয়া হয়।
আজকের তালিকায় সবচেয়ে দূষিত বাতাস নিয়ে শীর্ষে রয়েছে উগান্ডার কাম্পালা। শহরটির একিউআই স্কোর ১৮১, যা স্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৭৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা এবং ১৭২ স্কোর নিয়ে কঙ্গোর কিনশাসা রয়েছে তৃতীয় অবস্থানে।
এ ছাড়া শীর্ষ ১০-এর ভেতরে থাকা অন্য শহরগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট (১৬০) চতুর্থ, কানাডার টরন্টো (১৫৪) পঞ্চম, মন্ট্রিয়ল (১৫০) ষষ্ঠ, পাকিস্তানের লাহোর (১৪৫) সপ্তম, যুক্তরাষ্ট্রের শিকাগো (১৪১) অষ্টম, ইসরাইলের জেরুজালেম (১২৮) নবম এবং ভারতের দিল্লি (১২৭) দশম অবস্থানে রয়েছে।
সাধারণত একিউআই স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুমান ভালো, ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় এবং ১০১ থেকে ১৫০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বলে বিবেচিত হয়।
এর আগে বিভিন্ন সময়ে দীর্ঘ সময় ধরে ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’ বা ‘ঝুঁকিপূর্ণ’ অবস্থায় থাকলেও, আজ সকালের এই চিত্র নগরবাসীর জন্য কিছুটা স্বস্তিদায়ক।
/অ