দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড এবং বিগত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় গুম, খুন ও হত্যার ঘটনায় জড়িতদের বিচার নিশ্চিত করার পাশাপাশি সেই বিচার কার্যকর করতে হবে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাঘগুজারা এলাকায় জুলাই আন্দোলনের শহিদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি শহিদ ওয়াসিম আকরামের কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং বিশেষ দোয়া-মোনাজাতে অংশ নেন।
ইশরাক হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যা এবং গত ১৭ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় সংঘটিত গুম, খুন ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। তিনি জানান, এ বিষয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনা করবেন এবং বিচার দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবেন।
তিনি বলেন, একজন রাজনৈতিক কর্মী হিসেবে তিনি চান, জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের নির্দেশদাতা, পরিকল্পনাকারী এবং তা বাস্তবায়নে জড়িত প্রত্যেকের বিচার হোক। একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত সব হত্যাকাণ্ডের সঙ্গেও জড়িতদের বিচারের দাবি জানান তিনি।
এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি।’ তিনি দাবি করেন, দেশের বাইরে থেকে ফিরে এসে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠার যে বক্তব্য দেওয়া হচ্ছে, তা রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা মাত্র।
তিনি আরও বলেন, যারা আন্দোলনে অংশ নিয়েছেন এবং নিহতদের স্বজনরা এসব ঘটনার বিচার দেখতে চান। তাদের ভাষ্য অনুযায়ী, বিচার শুধু ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, তা কার্যকরও হতে হবে।
এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ২০২৪ সালের ১৬ জুলাইয়ের ঘটনাগুলো জুলাই গণঅভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি দাবি করেন, শহিদ ওয়াসিম আকরামসহ প্রায় দুই হাজার মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আন্দোলন সফল হয়েছে।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ (এনডিসি), পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), শহিদ ওয়াসিম আকরামের বাবা, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ও উপজেলা ছাত্রদলের নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ওয়াসিম আকরাম নিহত হন। তিনি চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করতেন।
এমএম/