দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লন্ডনে যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রী হেইডি আলেকজান্ডারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশের সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। বৈঠকে পরিবহন, বন্দর উন্নয়ন, সামুদ্রিক খাত, বাণিজ্য ও বিনিয়োগে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত এ বৈঠকের শুরুতে শেখ রবিউল আলম প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীর কাছে পৌঁছে দেন। তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নেওয়া বর্তমান সরকার গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।
মন্ত্রী বলেন, যুক্তরাজ্যে প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের অবস্থান তাঁকে আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুশাসনের মূল্যবান অভিজ্ঞতা দিয়েছে, যা দেশের উন্নয়ন ও সংস্কার কার্যক্রমে ইতিবাচকভাবে প্রতিফলিত হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে বিদ্যমান সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান তিনি।
বৈঠকে আন্তর্জাতিক জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকদের জন্য ওকেটিবি (OKTB) এবং অন্যান্য ট্রানজিট ও নাবিক-সংক্রান্ত ভিসা দ্রুত ও সহজ করার ক্ষেত্রে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন শেখ রবিউল আলম।
এছাড়া বাংলাদেশের জাহাজ নির্মাণ, সামুদ্রিক প্রকৌশল, বন্দর উন্নয়ন, সামুদ্রিক পরিবহন ব্যবস্থা এবং বন্দরভিত্তিক শিল্পে ব্রিটিশ বিনিয়োগ, প্রযুক্তি হস্তান্তর, যৌথ উদ্যোগ ও সরকারি-বেসরকারি অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান জানান তিনি।
নৌপরিবহনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সরকার হংকং আন্তর্জাতিক কনভেনশন বাস্তবায়নে কাজ করছে। বর্তমানে দেশের ৪২টি জাহাজ পুনর্ব্যবহার ইয়ার্ডের মধ্যে ২৭টি আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে এবং বাকি ইয়ার্ডগুলোও পর্যায়ক্রমে সেই মানে উন্নীত করা হচ্ছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও গ্রিনহাউস গ্যাস নির্গমন কমাতে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (IMO) উদ্যোগকে বাংলাদেশ সমর্থন করে। পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই সামুদ্রিক পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশ নিবিড়ভাবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠক শেষে শেখ রবিউল আলম যুক্তরাজ্যের পরিবহনমন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে উভয় পক্ষ পরিবহন, নৌপরিবহন, রেলপথ, বন্দর উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএস/