দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ল্যাবরেটরি পরীক্ষায় মানহীন ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এসব মামলা আমলে নিয়ে সংশ্লিষ্ট আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার (৮ জুলাই) ডিএসসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএসসিসি জানায়, গত ২ জুলাই তাদের জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারের পরীক্ষায় কয়েকটি খাদ্যপণ্য নির্ধারিত মানে উত্তীর্ণ হতে ব্যর্থ হয়। পরে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ২৬, ২৭, ৩৯ ও ৪১ ধারায় ঢাকার বিশুদ্ধ খাদ্য আদালত-২–এ চারটি মামলা করা হয়।
আজ ঢাকা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও যুগ্ম জেলা ও দায়রা জজ মাহমুদুল হক মামলাগুলো আমলে নিয়ে প্রত্যেক আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
মামলাভুক্ত খাদ্যপণ্যের মধ্যে রয়েছে বিদেশি প্রতিষ্ঠান ইস্ট জিবাই ইন্টারন্যাশনাল ফুড লিমিটেডের উৎপাদিত ‘ইস্ট বেকার স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ ও ‘ইস্ট কেক পুর পিঠা (ইনট্যাক্ট)’, বিদেশি প্রতিষ্ঠান আরবোটিং ফুড কোং লিমিটেডের ‘আর বোটিং ফুড স্লাইস ব্রেড মিল্ক জ্যাম ফিল্ড (ইনট্যাক্ট)’ এবং রাজধানীর বনশ্রীর ‘কাচ্চি সুলতান’ রেস্তোরাঁর বাজারজাত করা ‘বোরহানী’।
ডিএসসিসির জনস্বাস্থ্য খাদ্য পরীক্ষাগারের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশি প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট খাদ্যপণ্যে অনুমোদিত মাত্রার চেয়ে বেশি প্রিজারভেটিভ ব্যবহার করা হয়েছে। অতিরিক্ত প্রিজারভেটিভ দীর্ঘমেয়াদে মানবদেহের জন্য ক্ষতিকর এবং স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
ডিএসসিসি জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি, খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে মান যাচাই এবং আইন লঙ্ঘনকারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
/অ