দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) নির্বাচন ২০২৬ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে আটাব গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ জুন) বাদ আছর নয়াপল্টনের সাংগ্রীলা ইন (সাবেক লা লুনা) রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে আটাবের সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সদস্য এবং সমর্থকেরা অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা আটাবকে সিন্ডিকেটমুক্ত, স্বচ্ছ ও সদস্যবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে ফ্রন্টের প্রার্থীদের বিজয়, সদস্যদের কল্যাণ এবং ট্রাভেল খাতের উন্নতি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আটাবের সাবেক সভাপতি আবদুস সালাম আরেফ বলেন, সংগঠনের প্রতিটি সদস্যের সমান অধিকার নিশ্চিত করে বৈষম্যহীন ও ব্যবসাবান্ধব আটাব গড়ে তোলাই তাদের লক্ষ্য। এ লক্ষ্যে তিনি ফ্রন্টের পূর্ণ প্যানেলের পক্ষে সদস্যদের সমর্থন ও ভোট কামনা করেন।
সাবেক মহাসচিব জিন্নুর আহমেদ চৌধুরী দিপু বলেন, আটাব গণতান্ত্রিক ফ্রন্ট সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছে। তার ভাষ্য, এবারের নির্বাচন সাধারণ ট্রাভেল ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং এ লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সাবেক মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ নির্বাচনকে ঘিরে অপপ্রচারের অভিযোগ তুলে সদস্যদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আটাবের উন্নয়ন এবং পূর্বের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করতে সদস্যদের সহযোগিতা প্রয়োজন।
ট্রাভেল খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আটাবের সাবেক ইসি সদস্য দিদারুল হক বলেন, যথাযথ তদারকির অভাবে খাতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং একটি গোষ্ঠী পুরো ব্যবসা নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এসব অপতৎপরতা প্রতিরোধে সদস্যদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আটাব ও হাবের সাবেক সহ-সভাপতি এ.এস.এম. ইব্রাহীমও বক্তব্য দেন। তিনি ফ্রন্টের প্রার্থীদের সাফল্য কামনা করে ভোটারদের কাছে সমর্থন ও দোয়া চান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা সালেহ সিদ্দিকী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আটাবের সাবেক ইসি সদস্য শাহআলম কবির, সাবেক অর্থসচিব মো. সফিক উল্লাহ নান্টু, সাবেক ইসি সদস্য আবুল কালাম আজাদ এবং গ্লোবাল ট্রাভেল এজেন্সির স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা হায়াতুন নবী মজুমদারসহ আটাবের বিপুল সংখ্যক সাধারণ সদস্য ও শুভানুধ্যায়ী।
জে আই