দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় প্রধানমন্ত্রী দেশ গঠনের বিভিন্ন ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভা দুপুর পৌনে ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিনি চান না সমাজে সব সময় কেবল রাজনীতি নিয়েই আলোচনা সীমাবদ্ধ থাকুক।
প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি কুকুরকে নির্যাতন করা হচ্ছে বা একজন মানুষকে হত্যা করা হচ্ছে, অথচ মানুষ সাহায্যের বদলে ভিডিও করছে। এ ধরনের পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে মানবিক অনুভূতি ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সালেহ শিবলী জানান, প্রধানমন্ত্রী গণমাধ্যম প্রতিনিধিদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতেও নিয়মিত মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তারা বক্তব্য রাখেন।
তাদের মধ্যে ছিলেন দেশ টিভির মহিউদ্দীন, বাংলা ভিশনের আবদুল হাই সিদ্দিকী, সময় টিভির জুবায়ের বাবু, ডিবিসির লোটন ইকরাম, মোহনা টেলিভিশনের রাশেদুল হক, একাত্তর টেলিভিশনের শফিক আহমেদ, জিটিভির গাউসুল আজম বিপু, নিউজ টোয়েন্টিফোরের শরিফুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের জহিরুল আলম, যমুনা টিভির ফাহিম আহমেদ, নাগরিক টিভির ইরফানুল হক নাহিদ, আরটিভির ইলিয়াস হোসেন এবং বাংলা টিভির এম এম বাদশা।
অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টারা উপস্থিত ছিলেন।
সভা শেষে প্রধানমন্ত্রী গণমাধ্যম নেতাদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন।
এমএস/