দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের যুগে প্রবেশের প্রস্তুতি হিসেবে দেশের বিদ্যমান বিদ্যুৎ ব্যবস্থাকে আরও নিরাপদ, স্মার্ট ও যুগোপযোগী করার লক্ষ্যে একটি ওয়ার্কিং পেপার তৈরির নির্দেশ দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী।
সোমবার (৮ জুন) সকালে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিদ্যুৎ বিভাগের অধীন সঞ্চালন ও বিতরণ সংস্থা ও কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় দেশের বিদ্যমান বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ সক্ষমতা, দুর্বলতা, স্মার্ট গ্রিড স্থাপন এবং পারমাণবিক বিদ্যুৎ ব্যবস্থা চালুর চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মন্ত্রী বলেন, পারমাণবিক বিদ্যুৎ উচ্চ প্রযুক্তিনির্ভর ও জটিল একটি ব্যবস্থা হওয়ায় এর আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সম্ভাব্য চ্যালেঞ্জ চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
তিনি জানান, ন্যাশনাল রিসার্চ সেন্টার স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। পাশাপাশি পিজিসিবিকে প্রয়োজনীয় স্টাডি করে একটি কনসেপ্ট পেপার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি অভিজ্ঞ কনসালট্যান্টদের মাধ্যমে এ স্টাডি যাচাই করে প্রয়োজনীয় সুপারিশ অনুযায়ী সঞ্চালন ও বিতরণ ব্যবস্থা আধুনিকায়নের পরিকল্পনা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, গ্যাসভিত্তিক বিদ্যুৎ থেকে বর্তমানে কয়লা ও সৌরসহ বহুমুখী বিদ্যুৎ ব্যবস্থার দিকে অগ্রসর হলেও ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন সিস্টেমের মধ্যে সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) যথাযথভাবে হয়নি, যা ঝুঁকি তৈরি করতে পারে।
তিনি সতর্ক করে বলেন, যথাযথ প্রস্তুতি ছাড়া ব্যবস্থা সঠিকভাবে সমন্বিত না হলে সিস্টেম বিপর্যয়ের আশঙ্কা থাকে। এ কারণে স্মার্ট গ্রিড ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।
সভায় বিদ্যুৎ সেক্টরের অপ্রয়োজনীয় প্রকল্পগুলো চিহ্নিত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। এসব প্রকল্পের পেছনে কারা দায়ী তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
সভা শেষে তিনি বিদ্যুৎ খাতের উন্নয়নে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম, পিজিসিবির প্রধান প্রকৌশলী মো. মঞ্জুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যমান সক্ষমতা ও উন্নয়ন পরিকল্পনার অগ্রগতি তুলে ধরেন। বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখও সভায় উপস্থিত ছিলেন।
জে আই