দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। রোববার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে এ রোডম্যাপ প্রকাশ করা হয়।
এর আগে গত ২৯ মে সৌদি আরবের জেদ্দায় এক অনুষ্ঠানে ২০২৭ সালের হজ কার্যক্রমের সময়সূচি ঘোষণা করে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে হজের রোডম্যাপ হস্তান্তর করেন।
প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী, চলতি বছরের ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। আগামী ৮ নভেম্বর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে।
রোডম্যাপ অনুযায়ী, ২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। ৮ এপ্রিল শুরু হবে হজ ফ্লাইট পরিচালনা। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ১৫ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
এছাড়া সৌদি প্রান্তের খরচের অর্থ নুসুক মাসার প্ল্যাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তর কার্যক্রম চলবে ২০২৬ সালের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত।
নুসুক মাসারের মাধ্যমে তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনার হোটেল, ক্যাটারিং ও পরিবহনসহ সামগ্রিক সেবা প্যাকেজ গ্রহণের জন্য চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি।
হজযাত্রীদের তথ্য নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ২০২৬ সালের ১৪ আগস্ট থেকে ২০২৭ সালের ২৮ জানুয়ারির মধ্যে।
হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর এবং নুসুক মাসারে সংশ্লিষ্ট ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে ২০২৬ সালের ২৯ জুলাই থেকে ৮ নভেম্বরের মধ্যে।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষিত সময়সূচি অনুযায়ী হজ-সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছে।
এমএস/