দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা নদীর পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরেই শেষ হচ্ছে। এর আগেই নতুন চুক্তি বা নবায়ন বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
১৯৯৬ সালে ৩০ বছরের জন্য স্বাক্ষরিত এই চুক্তির ভিত্তিতে গঙ্গার পানি বণ্টন হয়ে আসছে। মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবায়ন হবে নাকি নতুন কাঠামোয় সমঝোতা হবে তা নিয়ে ইতোমধ্যে দুই দেশের কারিগরি দল কাজ করছে। তাদের প্রতিবেদনের ওপর ভিত্তি করে আগামী আগস্ট–সেপ্টেম্বরে মন্ত্রী পর্যায়ের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানী।
বিশেষজ্ঞরা বলছেন, ন্যায্য পানি হিস্যা নিশ্চিত করতে হলে আন্তর্জাতিক পানি আইন মেনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বুয়েটের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তফা আলী মনে করেন, বৈজ্ঞানিক ও ন্যায়ভিত্তিক পদ্ধতিতে এগোলে বাংলাদেশের অবস্থান আরও শক্ত হবে।
অন্যদিকে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক এসকে তৌফিক এম হক সতর্ক করে বলেন, অতিরিক্ত শর্তের কারণে আলোচনা দীর্ঘায়িত হয়ে চুক্তি ঝুলে যাওয়ার ঝুঁকি রয়েছে। তাই নবায়ন হোক বা নতুন চুক্তি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ওপর জোর দেন তিনি।
পানি সম্পদ মন্ত্রী জানান, দুই দেশের বিশেষ কারিগরি দল বর্তমানে পানির চাহিদা, জলবায়ু পরিবর্তন এবং নদীর পরিবেশগত বিষয়গুলো বিবেচনায় নিয়ে কাজ করছে। এসব প্রতিবেদনের ভিত্তিতেই আসন্ন মন্ত্রী পর্যায়ের বৈঠকে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে।
বিশেষজ্ঞরা আরও বলছেন, গঙ্গার পানি বণ্টনে শুধু হিস্যার প্রশ্ন নয়, বরং নদীর বাস্তুসংস্থান ও দীর্ঘমেয়াদি জলবায়ু বাস্তবতাকেও গুরুত্ব দিতে হবে।
জে আই