দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন এবং দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি স্বাস্থ্যসেবার মান যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৩১ মে) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল লইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, সংবিধান অনুযায়ী নাগরিকের জীবন, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। কিন্তু দেশের বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসাসেবার মান, বৈধ লাইসেন্স, প্রশিক্ষিত জনবল, জরুরি চিকিৎসা ব্যবস্থা এবং জীবনরক্ষাকারী সরঞ্জাম ব্যবস্থাপনায় দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে।
নোটিশে আরও উল্লেখ করা হয়, আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ, শোক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন, দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন সময়ের দাবি।
নোটিশে জনস্বার্থে কয়েকটি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে— দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে জরুরি ভিত্তিতে বিশেষ তদারকি ও অভিযান পরিচালনা, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে লাইসেন্স, অনুমোদন, চিকিৎসা সরঞ্জাম, অগ্নিনিরাপত্তা, সংক্রমণ নিয়ন্ত্রণ ও রোগী নিরাপত্তা ব্যবস্থা যাচাই এবং আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও এনআইসিইউসহ সব ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের সক্ষমতা পরীক্ষা।
এ ছাড়া চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মীদের নিবন্ধন ও পেশাগত যোগ্যতা যাচাই, অনুমোদনহীন বা মানহীন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, আদ্-দ্বীন হাসপাতালের ঘটনায় একজন হাইকোর্ট বিভাগের বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন, তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হলে জনস্বার্থে রিট আবেদনসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএস/