দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (২৭ মে) বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির স্বাক্ষরিত এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহা মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসবের পাশাপাশি আত্মত্যাগ, আত্মশুদ্ধি এবং হিংসা-বিদ্বেষ ও মনের পশুত্ব ত্যাগের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। মহান আল্লাহ তা’আলার প্রতি পূর্ণ আত্মসমর্পণ ও অবিচল আনুগত্যের মাধ্যমে এই উৎসব সামাজিক সাম্যের বার্তা দেয় বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, হজরত ইবরাহিম (আ:) কর্তৃক পুত্র হজরত ইসমাইল (আ:) কে কোরবানি করার প্রস্তুতির মাধ্যমে যে ত্যাগ, ধৈর্য, বিশ্বাস ও আনুগত্যের দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, তা মানবজাতির জন্য চিরন্তন আদর্শ।
রাষ্ট্রপতি বলেন, কোরবানির মাংস সুষ্ঠুভাবে আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের মাধ্যমে সামাজিক অংশীদারিত্ব, বৈষম্য হ্রাস এবং ভ্রাতৃত্ববোধ জোরদার হয়। একই সঙ্গে এটি দরিদ্র মানুষের আমিষের চাহিদা পূরণে সহায়তা করে এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।
তিনি সবাইকে নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করা এবং বর্জ্য ব্যবস্থাপনায় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
রাষ্ট্রপতি বলেন, ঈদুল আজহার শিক্ষা ধারণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সততা, সহনশীলতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে কাজ করতে হবে। বিভেদ নয়, সম্প্রীতি এবং স্বার্থপরতা নয়, উদারতার চেতনায় একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে তিনি আহ্বান জানান।
তিনি দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, মহান আল্লাহ যেন সবার কোরবানি কবুল করেন এবং বিশ্বে শান্তি, স্থিতি ও সম্প্রীতি বর্ষণ করেন।
জে আই