দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোববার (১০ মে) শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ ২০২৬। তবে অন্যান্য বছরের মতো এবার প্যারেড গ্রাউন্ডে পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেওয়া হচ্ছে না। ‘বিতর্কিত’ সদস্যদের নাম থাকায় শেষ সময়ে শনিবার (৯ মে) পদকের এই আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।
পদক পাওয়ার তালিকায় ছিলেন পুলিশের এমন অন্তত ৬ জন কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, তাদের মৌখিকভাবে রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে পদক প্রদানেরর আনুষ্ঠানিকতা বাতিলের বিষয়টি জানানো হয়েছে। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে তাদের জানানো হয়েছে।
কেন পদক প্রদানের আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছে, তা জানতে পুলিশের কেউ আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে গণমাধ্যমকে পুলিশ সূত্র জানায়, পদকপ্রাপ্তদের তালিকায় বিতর্কিত একাধিক সদস্যের নাম রয়েছে। শেষ সময়ে তা নজরে আসায় তা বাতিল করা হয়েছে।
যদিও শনিবার বিকেলে পুলিশ সদর দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ষিক পুলিশ প্যারেড অনুষ্ঠানে ২০২৫ সালে অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’, ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ দেওয়া হবে। প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের পদক পরিয়ে দেবেন।
এবার পুলিশের ১০৭ জন সদস্যের পদক পাওয়ার কথা ছিল। গত ২ মে থেকে তারা রাজধানীর রাজারবাগে পুলিশ লাইন্স মাঠে পদকের প্যারেড প্রস্তুতি নিচ্ছিলেন।
নাম প্রকাশ না করে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নিয়ম অনুযায়ী পদক প্রাপ্তদের নামে সরকারি আদেশ (জিও) জারি হয়। তবে শনিবার রাত ৯টা পর্যন্ত সেই জিও হয়নি। এটা না হলে তো পদক দেওয়া যাবে না।
অবশ্য পুলিশ সপ্তাহের প্যারেডসহ অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ম অনুযায়ী সম্পন্ন হবে বলে ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন।
‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’, প্রতিপাদ্যে এবার ৪ দিনব্যাপী (১০-১৩ মে) উদযাপিত হবে পুলিশ সপ্তাহ। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের সুশৃঙ্খল, দৃষ্টিনন্দন ও বর্ণিল প্যারেড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করবেন। তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্বে রয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন কন্টিনজেন্টের পুলিশ সদস্যরা প্যারেডে অংশ নেবেন।
পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্ম অধিবেশনে বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা করে পরবর্তী বছরের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। ১৩ মে পুলিশ সপ্তাহ শেষ হবে।
জে আই