দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, শ্রম ও শ্রমিকের অবদানের ওপরই আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে, কিন্তু সেই শ্রমিকরাই ন্যায্য মর্যাদা থেকে বঞ্চিত হচ্ছেন।
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
কাদের গনি চৌধুরী বলেন, সভ্যতার প্রতিটি অর্জনের পেছনে শ্রমিকদের ঘাম জড়িয়ে আছে অট্টালিকা থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহারের প্রতিটি জিনিসেই শ্রমিকের অবদান রয়েছে। কিন্তু বাস্তবে সমাজে মালিক ও শ্রমিকের বৈষম্য ক্রমেই বাড়ছে, যেখানে অর্থই এই বিভাজনের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে।
তিনি অভিযোগ করেন, দেশের অধিকাংশ গণমাধ্যমে সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন-ভাতা দেওয়া হয় না। অথচ মালিকপক্ষ ওয়েজবোর্ড বাস্তবায়নের ভুয়া তথ্য দেখিয়ে বিজ্ঞাপন নেয়। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে সাংবাদিক ইউনিয়নকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতার বিষয়টিও তুলে ধরে তিনি বলেন, চলতি বছরের প্রথম তিন মাসেই অন্তত ১৮৬ জন শ্রমিক নিহত হয়েছেন। ২০২৫ সালে এ সংখ্যা ছিল ১ হাজার ১৯০, ২০২৪ সালে ৮২০ এবং ২০২৩ সালে ১ হাজার ৪৩২ জন। এসব ঘটনায় মালিকপক্ষের দায়িত্বহীনতারও সমালোচনা করেন তিনি।
তিনি বলেন, তৈরি পোশাক খাতে কিছু অগ্রগতি হলেও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকরা এখনো ঝুঁকির মধ্যে রয়েছেন। নিরাপত্তা কমিটির অভাব, সীমিত পরিদর্শন, নারী শ্রমিকদের ঝুঁকি এবং মানসিক চাপ এসব বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
সভায় সভাপতিত্ব করেন বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন এবং সঞ্চালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার। তিনি বলেন, দৈনিক বাংলা, বাংলাদেশ টাইমস, বিচিত্রা ও আনন্দ বিচিত্রা পরিকল্পিতভাবে বন্ধ করা হয়েছে, যার ফলে বহু সাংবাদিক বেকার হয়ে পড়েছেন। এসব পত্রিকা পুনরায় চালুর দাবি জানান তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, দেশের অধিকাংশ সংবাদমাধ্যম এখনো ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দেয় না, যা সাংবাদিকদের বঞ্চনার অন্যতম কারণ।
জে আই