দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রেক্ষিতে দূরপাল্লার বাসভাড়া বাড়িয়েছে সরকার। কিলোমিটারপ্রতি ভাড়া ১১ পয়সা বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
নতুন এই ভাড়া অনুযায়ী রাজধানী ঢাকা থেকে দেশের বিভিন্ন বিভাগীয় শহরে যাতায়াতে যাত্রীদের বাড়তি খরচ গুনতে হবে। ভাড়া নির্ধারণ করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), যেখানে সড়ক ও জনপথ অধিদপ্তর, সেতু কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট টোল-ফেরির খরচ বিবেচনায় নেওয়া হয়েছে।
নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা থেকে দক্ষিণের শেষ প্রান্ত টেকনাফ রুটে নন-এসি বাসভাড়া ৬৫ টাকা বেড়ে হয়েছে ১ হাজার ৩৩৫ টাকা। একইভাবে উত্তরের পঞ্চগড় রুটে ভাড়া ৬০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪০ টাকা।
এদিকে বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকা-চট্টগ্রাম রুটে ভাড়া ৬৭০ টাকা থেকে বেড়ে ৭০৪ টাকা, ঢাকা-রাজশাহী রুটে ৭০০ টাকা থেকে ৭৩৮ টাকা, ঢাকা-খুলনা রুটে ৬৫০ টাকা থেকে ৬৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
ঢাকা-বরিশাল রুটে ভাড়া ৫৬৫ টাকা থেকে বেড়ে ৫৯১ টাকা এবং ঢাকা-সিলেট রুটে ৭০০ টাকা থেকে বেড়ে ৭৪০ টাকা হয়েছে। এছাড়া ঢাকা-রংপুর রুটে ভাড়া ৮৭০ টাকা থেকে ৯১১ টাকা এবং ঢাকা-ময়মনসিংহ রুটে ৩১৫ টাকা থেকে বেড়ে ৩৩০ টাকা করা হয়েছে।
বেশি যাত্রী চলাচলকারী ঢাকা-কক্সবাজার রুটে ভাড়া ১ হাজার ৯০ টাকা থেকে বেড়ে ১ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ঢাকা-কুমিল্লা রুটে ভাড়া বেড়ে ৩০৬ টাকা এবং ঢাকা-বগুড়া রুটে ৫৭৮ টাকা হয়েছে।
অন্যদিকে, দেশের দীর্ঘতম দিনাজপুর-টেকনাফ রুটে ভাড়া ২ হাজার ৩৪০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৪৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
জে আই