দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বিদেশ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় এবং নিজস্ব প্রযুক্তিতে গবেষণা শুরু করার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মন্ত্রিপরিষদ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়ের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং বাংলাদেশ সমরাস্ত্র কারখানার কমান্ড্যান্ট বরাবর এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, আধুনিক যুদ্ধক্ষেত্রে মিসাইল ও ড্রোন হামলার ঝুঁকি বেড়ে যাওয়ায় দেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা জরুরি। প্রতিবছর জাতীয় বাজেটের বড় একটি অংশ প্রতিরক্ষা খাতে ব্যয় হলেও বিদেশি শত্রুর সম্ভাব্য আকাশ হামলা মোকাবিলায় বর্তমান সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
নোটিশে আরও বলা হয়, আঞ্চলিক অস্থিতিশীলতা ও ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে প্রতিবেশী দেশগুলো উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করেছে। এ অবস্থায় সামরিক ভারসাম্য বজায় রাখতে বাংলাদেশকেও অবিলম্বে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে বিদেশি নির্ভরতা কমাতে নিজস্ব প্রযুক্তি উদ্ভাবনে গবেষণা কার্যক্রম শুরু করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়েছে।
সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের উল্লেখ করে নোটিশে বলা হয়েছে, নাগরিকের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। নির্ধারিত ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এমএস/