দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত প্রধান জামাতে বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধ ও মুসলিম দেশগুলোর ঐক্যের আহ্বান জানানো হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টায় এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক। দুই রাকাত ওয়াজিব নামাজ ও খুতবার পর দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাতে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাত, বিশেষ করে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রসঙ্গ তুলে ধরে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও যুদ্ধ বন্ধের জন্য দোয়া করা হয়। একই সঙ্গে নির্যাতিত মুসলমানদের পাশে দাঁড়াতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়।
মোনাজাতে আরও দেশ ও জাতির নিরাপত্তা, স্থিতিশীলতা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সমৃদ্ধি কামনা করা হয়। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ বছর জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একসঙ্গে ঈদের নামাজ আদায় করেন। এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মুসল্লি প্রধান জামাতে অংশ নেন।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ঈদগাহ ময়দানে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়, যার মধ্যে সাড়ে তিন হাজার নারীর জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল। পাশাপাশি অযু, চিকিৎসা সহায়তা এবং নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়।
এমএস/