দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট নিরাপত্তা ঝুঁকিতে আকাশপথ বন্ধ থাকায় আজও ঢাকা থেকে অন্তত ২৪টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।
আজ শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের এসব ফ্লাইট উড্ডয়ন করতে পারেনি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এই সংকটের সৃষ্টি হয়েছে। যার সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের আকাশপথে।
আজকের বাতিল হওয়া ২৪টি ফ্লাইটের মধ্যে কুয়েত এয়ারওয়েজের ৪টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ২টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস ৪টি, জাজিরা এয়ারওয়েজ ৪টি এবং ফ্লাইদুবাইয়ের ৪টি ফ্লাইট রয়েছে।
বেবিচকের তথ্য অনুযায়ী, যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল হচ্ছে। পরিসংখ্যানে দেখা গেছে, ২৮ ফেব্রুয়ারি ২৩টি থেকে শুরু করে ২ মার্চ সর্বোচ্চ ৪৬টি পর্যন্ত ফ্লাইট বাতিল হয়েছিল।
গত কয়েক দিনের ধারা অনুযায়ী, গতকাল ১২ মার্চ ২৮টি এবং আজ শুক্রবার ২৪টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এ নিয়ে গত ১৫ দিনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া মোট ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৭টিতে।
আকাশসীমা বন্ধ থাকার ফলে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরএ