দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চীন, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও ইউরোপীয় ইউনিয়নের এ সরকারের প্রতি বিপুল আস্থা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দিনে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করা সম্ভব হবে।
সোমবার ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী জানান, সৌজন্য সাক্ষাতে আসা বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের কাছে সরকারের বৈদেশিক নীতির রূপরেখা তুলে ধরা হয়েছে। তিনি বলেন, ‘আমি অনেক বেশি আশাবাদী যে আগামী দিনগুলোতে আমরা বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো।’
তিনি আরও বলেন, ‘চীন, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইউরোপীয় ইউনিয়নের এ সরকারের প্রতি বিপুল আস্থা রয়েছে। তারা ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ দেখিয়েছে।’
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যস্ত সময় পার করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সকাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মিশনের নেতৃত্বে আটটি দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন।
সকালে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠক শেষে গণমাধ্যমে কথা না বললেও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন জানান। তিনি ঢাকা-ওয়াশিংটনকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
একই দিনে ইউরোপীয় ইউনিয়ন মিশনের প্রধান মাইকেল মিলারের নেতৃত্বে স্পেন, জার্মানি, নরওয়ে, ফ্রান্স ও ডেনমার্কসহ আটটি দেশের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করেন। তারা মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করেন।
বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আইন ও বিচারসহ বিভিন্ন খাতে বিগত সরকারের সংস্কারের ধারাবাহিকতা বর্তমান সরকার অব্যাহত রাখবে বলে তারা আশা করেন। ইউরোপের সঙ্গে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি পিসিএ চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে চুক্তিটি সই হতে পারে।
এমএস/