দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মানুষকে যেন চিকিৎসার জন্য ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, বরং চিকিৎসাসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।
শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদীতে নিজ বাসভবনে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি যেমন দায়িত্ব রয়েছে, যারা ভোট দেননি তাদের প্রতিও সমান দায়িত্ব রয়েছে। সকল প্রতিহিংসা ও বিদ্বেষ ভুলে রাজনৈতিক অসৎ চিন্তা পরিহার করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই।’
তিনি জানান, নরসিংদীসহ দেশের যেখানে প্রয়োজন সেখানে মেডিকেল কলেজ স্থাপন করা হবে। নরসিংদীর জন্য দুটি আইসিইউ ইউনিট চালুর ইচ্ছার কথাও জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সকালে প্রথমবারের মতো তিনি নরসিংদী-৪ নির্বাচনী এলাকার নিজ বাড়িতে আসেন। এ সময় এলাকাবাসী, দলীয় নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এমএস/