দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা থেকে সরাসরি সিসি ক্যামেরায় চট্টগ্রাম-১০ উপনির্বাচনের ভোটগ্রহণ দেখছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার (৩০ জুলাই) সকাল ৮টায় আসনটিতে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। আসনটিতে পৌনে ৫ লাখ ভোটার রয়েছেন।
আসনটির ১৫৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন তথা ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে। কেন্দ্রে কেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এর মাধ্যমে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের কন্ট্রোলরুম থেকে সরাসরি ভোটগ্রহণ পর্যবেক্ষণ করছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব খান, রাশেদা সুলতানা।
ভোট পর্যবেক্ষণের জন্য প্রতিটি ভোটকক্ষে একটি এবং কেন্দ্রপ্রতি দুটি সিসি ক্যামেরা বসানো হয়েছে। সব মিলিয়ে ১ হাজার ৫৬৩টি সিসি ক্যামেরা রাখা হয়েছে নির্বাচনি এলাকায়।
ইসির সরকারি জনসংযোগ পরিচালক আশাদুল হক জানান, ভোট শুরুর পর প্রথম আধা ঘণ্টায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর তারা পাননি।
এর আগে ঢাকা-১৭ উপনির্বাচন, রাজশাহী, সিলেট, বরিশাল, খুলনা, গাজীপুর, রংপুর, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন, ঝিনাইদহ পৌরসভা নির্বাচন এবং গাইবান্ধা-৫ উপনির্বাচন সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করেছে ইসি।
নির্বাচন ভবনে ইসির আইডিইএ প্রকল্পের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে আইনশৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল কাজ করছে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান গণমাধ্যমকে জানান, ১৫৬টি কেন্দ্রে ১ হাজার ৫৬৩টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।
আরএ