দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বাংলা একাডেমি। তবে নির্বাচনের পরপরই রমজান মাস শুরু হওয়ায় মেলার সময়সূচি নিয়ে আপত্তি তুলেছেন প্রকাশকদের একটি বড় অংশ। তারা বইমেলা পবিত্র ঈদুল ফিতরের পর আয়োজনের দাবি জানিয়েছেন।
রোববার ৮ ফেব্রুয়ারি অন্যপ্রকাশ, বাতিঘর, প্রথমা, সময় প্রকাশনসহ ৩৬টি প্যাভিলিয়ন ও প্রকাশনী যৌথ বিবৃতিতে জানায়, এবারের বইমেলায় তারা অংশ নেবে না। বিবৃতিতে বলা হয়, প্রায় ৩২১টি প্রকাশনা প্রতিষ্ঠান এবং দুই শতাধিক স্টল এই সিদ্ধান্তে একমত হয়েছে।
প্রকাশকরা বিবৃতিতে বলেন, জাতীয় নির্বাচনের পরপরই বইমেলা হলে রাজনৈতিক অস্থিরতা, পাঠক উপস্থিতি কমে যাওয়া, অর্থনৈতিক ঝুঁকি এবং মানবিক বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এসব কারণে তারা আসন্ন মেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে গত ৫ ফেব্রুয়ারি বাংলা একাডেমি সংবাদ সম্মেলনে জানায়, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই অমর একুশে বইমেলা শুরু হবে এবং আপাতত তা পেছানোর কোনো সিদ্ধান্ত নেই। একাডেমি আরও জানায়, রমজান মাসে মেলা চললে ইফতার, নামাজ ও তারাবির প্রয়োজনীয় ব্যবস্থাও রাখা হবে।
বাংলা একাডেমি জানিয়েছে, ইতোমধ্যে একুশে বইমেলা ২০২৬ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে এবং প্রকাশকদের দাবির পরিপ্রেক্ষিতে গত বছরের তুলনায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানো হয়েছে।
এমএস/