দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশে রয়েছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন এবং বিদেশে রয়েছেন ৭ লাখ ৭২ হাজার ৫৪২ জন।
মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, বাংলাদেশের পোস্টাল ব্যালট ব্যবস্থার মডেল নিয়ে ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি, শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশ আগ্রহ দেখিয়েছে। এটি বর্তমান সরকারের একটি বড় সাফল্য।
প্রেস সচিব বলেন, গণভোটে অভূতপূর্ব সাড়া পাওয়ায় ভোট পরিবহনের জন্য ব্যবহৃত গাড়ির সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ৩০টি করা হচ্ছে। তার ভাষায়, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে বাংলাদেশ আগামী ১০০ বছরের জন্য একটি স্পষ্ট দিকনির্দেশনা পাবে।
তিনি জানান, গণভোটে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রধান উপদেষ্টা ইমামদের সঙ্গে বৈঠক করেছেন। একইভাবে অন্যান্য ধর্মের যাজকদের মাধ্যমেও মানুষকে ভোটে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং সপ্তাহে তিন দিন সংবাদ সম্মেলন করবে। এসব ব্রিফিংয়ে নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য দেওয়া হবে। নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী প্রার্থীদের গানম্যান দেওয়া হয়েছে।
যশোরে রানা প্রতাব বৈরাগী হত্যাকাণ্ড প্রসঙ্গে প্রেস সচিব বলেন, এই হত্যার সঙ্গে ধর্মীয় কোনো উসকানি জড়িত নয়। তিনি বলেন, রানা প্রতাব চরমপন্থি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।
এমএস/