দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবেক সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল ও তার স্বার্থসংশ্লিষ্টদের ১২৩টি ব্যাংক হিসাব জব্দ করেছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। জব্দকৃত অর্থের পরিমাণ প্রায় ৪৮ কোটি ৪৭ লাখ টাকা।
পাশাপাশি ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র এবং আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেড ও রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের তিনটি বিও হিসাবও ফ্রিজ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব এ তথ্য জানান।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন- মধুমতি ব্যাংকের ভাইস চেয়ারম্যান শেখ সালাহ উদ্দিন জুয়েল, তার স্ত্রী ও ব্যাংকের পরিচালক শাহানা ইয়াসমিন শম্পা, তিন ভাই শেখ জালাল উদ্দিন রুবেল, শেখ সোহেল উদ্দিন, শেখ বেলাল উদ্দিন বাবু, বোন তাহমিনা খবির, তিন ভাবী শিরিন শেখ, ফারমিনা খানম (স্বত্বাধিকারী, টুঙ্গীপাড়া নেভিগেশন) এবং শেখ ওয়াহিদা সুলতানা, পাশাপাশি ভাতিজি শেখ তাসমিয়া সুনেহরা।
প্রাথমিক অনুসন্ধানে সিআইডি প্রমাণ পেয়েছে, অভিযুক্তরা চাঁদাবাজি ও ভীতি প্রদর্শনের মাধ্যমে অর্থ আদায় করে তা লন্ডারিং করেছে। এই প্রমাণের ভিত্তিতে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মহানগর দায়রা জজ (বিশেষ জজ) আদালতে আবেদন করে। আদালত আজ ব্যাংক হিসাব, সঞ্চয়পত্র এবং বিও হিসাব জব্দের আদেশ দেন।
সিআইডি জানিয়েছে, শেখ সালাহ উদ্দিন জুয়েল ও তার স্বার্থসংশ্লিষ্টদের বিরুদ্ধে তাদের অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। অনুসন্ধান শেষে মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এবি/