দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভোটার উপস্থিতি বাড়ানোর দায়িত্ব প্রার্থীদের, এটা নির্বাচন কমিশনের দায়িত্বের মধ্যে পড়ে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান।
রোববার (২৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রার্থীরা ভোটার উপস্থিতি করবেন তাদের প্রচার প্রচারণার মাধ্যমে। কেন্দ্রে ভোটার নিয়ে আসা নির্বাচন কমিশন কিংবা নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব নয়।
ভোটার উপস্থিতি নিয়ে জানতে চাইলে আনিছুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের প্রাক্কালে উপনির্বাচন হচ্ছে। সে কারণে হয়তো মানুষের আগ্রহ কিছুটা কম থাকবে।
ঢাকায় প্রার্থীর ওপর হামলা প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, যে ঘটনা ঘটেছে, তা অনাকাঙ্ক্ষিত। নির্বাচন শেষ হওয়ার কয়েক মিনিট আগে এ ঘটনা ঘটেছে। সেটা তদন্তাধীন। যারাই করুক, তদন্তে বের হয়ে আসবে।
দুটি দলকে নিবন্ধন দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আমরা কিন্তু এখনও কোনো দলকে নিবন্ধন দেইনি। মাঠ পর্যায় থেকে তথ্যউপাত্ত নিয়ে আমরা বলেছি, দুটি দল নিবন্ধনের জন্য সব যোগ্যতা অর্জন করেছে। তাদের বিষয়ে যদি কোনো আপত্তি থাকে তাহলে ২৬ জুলাইয়ের মধ্যে জানাতে বলেছি। এখন এর মধ্যে কেউ অভিযোগ দিলে সেটি ২৬ তারিখের পর যাচাই-বাছাই করা হবে। এরপর নিবন্ধনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
নির্বাচনের আগে প্রশাসনে রদবদল বিষয়ে তিনি বলেন, বদলি নিয়মিত প্রক্রিয়া। এখন প্রশাসন আমাদের আওতার বাইরে। যখন তফসিল ঘোষণা করা হবে, তখন বদলি নিয়োগ সব আমরা করতে পারব। তখন অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং-হালিশহর-পাঁচলাইশ) আসনের উপনির্বাচন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম সভাপতিত্বে সভায় কমিশনার আনিছুর রহমান প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।