দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে বাংলাদেশের রাজনৈতিক শূন্যতা পূরণ হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।এছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক যে রূপান্তর চলছে তা আরও ‘মসৃণ হবে’ বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রাণী গির্জায় যান শফিকুল আলম। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তারেক রহমানের আগমন দেশে ইতিবাচক প্রভাব ফেলবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশে তো সত্যিকার অর্থে কিছু রাজনৈতিক শূন্যতা আছে। উনি আসলে সেটা পূরণ হবে। উনি বাংলাদেশের সামনে আমাদের একটা বড় ইলেকশন, আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনে আছি। তো আমরা আশা করছি যে এই আমাদের এই ট্রানজিশনটা আরও মসৃণ হবে আসার পরে।’
তারেক রহমানের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, ‘তার নিরাপত্তা তো তার পার্টি দেখছেন, বাট তারা যেই ধরনের সহযোগিতা আমাদের কাছে চাচ্ছেন, আমরা সব সহযোগিতাই করছি।’
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী কেন পদত্যাগ করলেন-এ প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, এটা গতকাল রাত ১২টার দিকের ঘটনা। তিনি এখনো কারণ জানতে পারেননি।
দেড় যুগের দীর্ঘ নির্বাসন ভেঙে দেশে ফিরেছেন বিএনপি নেতা তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪৩ মিনিটে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে এবং আলিঙ্গনে-করমর্দনে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন দলের জ্যেষ্ঠ নেতারা।
মাতৃভূমিতে ফিরে সকলকে কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান। বিমানবন্দর থেকেই প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ফোন করে নিরাপত্তাসহ যাবতীয় আয়োজনের জন্য ধন্যবাদ দেন তারেক রহমান।
এবি/