দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের জেলখানায় আইনি হেফাজতে থাকা ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) নতুন নির্দেশিকা জারি করেছে। নির্বাচন পরিচালনা বিধিমালা ২০০৮ (সংশোধিত ২০২৫)-এর বিধি ১০ক অনুযায়ী ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং’ (আইসিপিভি) পদ্ধতির মাধ্যমে এই ভোটাররা তাদের ভোট দিতে পারবেন।
নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই নির্দেশিকা কারা মহাপরিদর্শকের কাছে প্রেরণ করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, জেলখানা ও আইনি হেফাজতে থাকা ভোটারদের তালিকা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদন করা হবে এবং নিবন্ধনের জন্য একটি বিশেষ ডিজিটাল প্ল্যাটফর্ম (https://prisoner.ocv.gov.bd/login) ব্যবহার করা হবে।
প্রতিটি জেলখানা বা আইনি হেফাজত কর্তৃপক্ষ দুই জন করে প্রতিনিধি মনোনয়ন দেবে, যারা ভোটারদের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করবেন। নিবন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বাচনি কমিশনে সিল ও স্বাক্ষরসহ প্রাপ্ত ভোটারদের তালিকা জমা দেবে এবং মনোনীত প্রতিনিধিরা নির্বাচনি পোর্টালে প্রয়োজনীয় তথ্য আপলোড করবেন।
নিবন্ধিত ভোটাররা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভোটারদের জন্য ভোট কক্ষ বা গোপন কক্ষ প্রস্তুত করে ভোটের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করবে। ভোটের জন্য প্রাপ্ত ব্যালটে কোনো প্রার্থীর নাম থাকবে না, বরং বরাদ্দকৃত প্রতীকের পাশে ফাঁকা ঘর থাকবে। ভোটাররা তাদের সংসদীয় আসনের প্রার্থীদের নাম ও প্রতীকের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে পাবেন।
ভোটাররা পোস্টাল ব্যালট পেপারে মুদ্রিত প্রতীকের পাশে টিক (✓) বা ক্রস (×) চিহ্ন দিয়ে ভোট দেবেন। গণভোটের ক্ষেত্রে হ্যাঁ/না অপশনের পাশে একইভাবে ভোট দিতে হবে। ভোট দেওয়ার আগে ঘোষণাপত্রে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে স্বাক্ষর করতে হবে; স্বাক্ষর করতে অক্ষম হলে অন্য একজন ভোটার তা সত্যায়ন করবেন।
ভোট দেওয়ার পর ব্যালট পেপার দুটি ছোট খামে রেখে তা বন্ধ করতে হবে। পরে ভোটকৃত খাম এবং স্বাক্ষরিত ঘোষণাপত্র হলুদ রিটার্নিং অফিসারের ঠিকানা-সংবলিত খামে ঢুকিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্ধারিত স্থানে জমা দিতে হবে। ভোট প্রদান শেষ হলে এসব খাম নিরাপদে সংরক্ষণ করে দ্রুত পোস্টাল ব্যালটসমূহ নিকটস্থ ডাক বিভাগে হস্তান্তর করা হবে। ডাক বিভাগের প্রতিনিধি খামগুলো দ্রুত নির্বাচনি রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেবেন।
উল্লেখ্য, পোস্টাল ব্যালট পাঠানোর জন্য কোনো ডাক মাশুল প্রদান করতে হবে না এটি বাংলাদেশ সরকার বহন করবে।
জে আই