দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হিরো আলমের ওপর হামলার ঘটনায় পুলিশের কোনো গাফলতি থাকলে তা খতিয়ে দেখার কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন সেটি তিনি (গুইন লুইস) জানতে চেয়েছেন।
ভোটগ্রহণে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা ছিল বলে গুইন লুইসকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আমরা যেটুকু দেখেছি, ভোটগ্রহণের শেষ দিকে তিনি (হিরো আলম) কয়েকজনের সঙ্গে বাদানুবাদে জড়ান। সেখানেই কয়েকজন যুবক তার ওপর অ্যাটাক করে।
সাক্ষাতের বরাত দিয়ে মন্ত্রী আরও বলেন, হামলার ঘটনায় এরই মধ্যে আটজনকে গ্রেফতারের বিষয়টি আমরা তাকে (গুইন লুইস) জানিয়েছি। ভিডিও ফুটেজ দেখে হামলাকারী সবাইকে অ্যারেস্ট করবো। ভোটের শান্তিপূর্ণ পরিবেশে কারা এ ঘটনা ঘটালো আমরা সেটি তদন্ত করে বের করার চেষ্টা করবো।
তিনি বলেন, নির্বাচনে একদল জিতবে একদল হারবে। নেপথ্যে এ ধরনের কাজ (হামলা) করে কারা একটি অশান্তিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছে, তাদের উদ্দেশ্য কী ছিল, এসব বিষয় জানা প্রয়োজন। আমরা তা জানার চেষ্টা করছি। যাদের ধরেছি তাদের জবানবন্দি নেওয়া হবে। আমরা সবকিছু খতিয়ে দেখবো।
নৌকার ব্যাজ পরে হামলার অভিযোগ বিষয়ে অপর এক প্রশ্নে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের গাফিলতি থাকলে সেটি তো পুলিশ জবাব দেবে। আমরা সেটিও দেখবো। ভোটকেন্দ্রে গণ্ডগোল মোকাবিলা ও ভোটারদের যেন কোনো অসুবিধা না হয় সেজন্য পুলিশ সেখানে ছিল। পুলিশের যদি কোনো গাফিলতি থাকে অবশ্যই আমরা সেটি দেখব। অলরেডি পুলিশের কাছে আমরা জানতে চেয়েছি, তাদের কোনো অবজারভেশন আছে কি না, থাকলে জানাতে। আমরা মূল ঘটনাটি উদঘাটন করতে চাই।
তিনি বলেন, আমি মনে করি, এখানে হিলো আলমকে নিয়ে নিশ্চয়ই কোনো ইন্ধন ছিল। আমরা সেটিই বের করতে চেষ্টা করেছি। কেন এ হামলা ঘটনা ঘটানো হলো সেটি আমরা তদন্ত করে দেখছি, তদন্তের পর আমরা বলতে পারবো। এ ঘটনাটিও একটি ম্যাসেজ, আমাদের আরও সতর্ক হতে হবে।