দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বেসরকারিভাবে বিজয়ী নির্বাচিত হয়েছেন ক্ষমতাশীন দলের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট। তার প্রতীক হচ্ছে একতারা।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মনির হোসাইন খান।
রিটার্নিং কর্মকর্তা বলেন, অবাধ ও সুষ্ঠু হয়েছে এ উপ-নির্বাচন। একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান। কেন্দ্রের বাইরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এ বিষয়ে পুলিশসহ সবাই তদন্ত করছে।
ঢাকা-১৭ আসনে মোট ভোটকেন্দ্র ১২৪টি। এ নির্বাচন ব্যালটের মাধ্যমে ভোট অনুষ্ঠিত হয়। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ এবং নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন।
এদিন সকাল ৮টায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। ভোট শুরুর পর থেকে মাঝামাঝি পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ ছিল। তবে বিকেল ৪টার খানিক আগে হিরো আলমকে মারধর করা হয়। এছাড়া তার এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়া হয়নি। ফলে কারচুপির অভিযোগে নির্বাচন বয়কটের ঘোষণা দেন তিনি। এর আগে আরেক স্ততন্ত্র প্রার্থী তরিকুল ভোট বর্জনের ঘোষণা দেন।
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে মোট প্রার্থী ছিলেন আটজন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন দলীয় মনোনয়নে নির্বাচনে অংশ নেন। অন্যদিকে আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তারিকুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন।
এরমধ্যে ভোটের প্রচারণায় মোহম্মদ আলী আরাফাত, হিরো আলম ও সিকদার আনিসুর রহমান সবচেয়ে বেশি তৎপর ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান (ফারুক) মারা যাওয়ায় ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।