দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্যোগ নিয়েছে নবগঠিত জাতীয় পে কমিশন। ইতোমধ্যে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন নিজেদের প্রস্তাব কমিশনের কাছে জমা দিয়েছে। সর্বমহলে এখন আলোচনার বিষয়, কবে থেকে এই নতুন স্কেল কার্যকর হবে।
নির্ভরযোগ্য সূত্র ও সরকারের অর্থনৈতিক উপদেষ্টাদের মতে, নতুন বেতন কাঠামো আগামী বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। জাতীয় বেতন কমিশন ডিসেম্বর মাসের মধ্যেই সরকারের কাছে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিতে চায়।
সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে গেজেট প্রকাশ করা হতে পারে। এরপর জানুয়ারিতেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে।
সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, পে কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অর্থ সংশোধিত বাজেটে বরাদ্দ রাখা হবে, যার কাজ ডিসেম্বর থেকেই শুরু হবে। তার মতে, গেজেট প্রকাশের ওপর বাস্তবায়ন নির্ভর করলেও নতুন কাঠামো আগামী বছরের শুরুতেই বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
নতুন বেতন কাঠামোয় বেতন বৃদ্ধির হার নিয়েই সরকারি কর্মচারীদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরার ইঙ্গিত দিয়েছেন, নতুন কাঠামোয় বেতন ৫০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত এবং কিছু ক্ষেত্রে ১০০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন দাবি করেছে, আগামী পাঁচ বছরের মূল্যস্ফীতি বিবেচনায় সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করা হোক। অন্যদিকে, সরকারি কলেজ শিক্ষক সমিতি সর্বনিম্ন বেতন ৩২ হাজার ৫০০ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে।
প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে দ্রুত এই পে স্কেল বাস্তবায়নের দিকে সরকার গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি, সরকারি কর্মচারীদের দক্ষতা ও জবাবদিহিতা বাড়াতে ‘জিপিএমএস’ (GPMS) নামে নতুন কর্মমূল্যায়ন ব্যবস্থা চালু করার প্রস্তুতিও চলছে। ধারণা করা হচ্ছে, নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার আগেই এই প্রশাসনিক সংস্কারের কাজ চূড়ান্ত হবে।
সব মিলিয়ে, প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী এখন অপেক্ষায় আছেন ডিসেম্বর মাসে কমিশনের রিপোর্ট জমা ও জানুয়ারিতে গেজেট প্রকাশের জন্য। প্রশাসনিক প্রস্তুতি ও অর্থনৈতিক পরিকল্পনার সমন্বয়ে সবকিছু ঠিক থাকলে জানুয়ারি ২০২৬ থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে।
আরএ