দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশিষ্ট ইসলামী স্কলার ডা. জাকির নায়েকের বাংলাদেশ সফরের বিষয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তার আসার বিষয়টি স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন। এ দুই মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবেন।
রোববার (২ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা এ কথা জানান।
জাকির নায়েকের বাংলাদেশে আসার কথা শোনা যাচ্ছে, এ বিষয়ে ভারতও কথা বলেছে, আপনারা এ বিষয়ে অবগত কি না–জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘ডা. জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন তাদের একটি প্রতিনিধি দল আমার সঙ্গে দেখা করেছেন। আমি ওনাদের বলেছি এটা আমার ব্যাপার নয়। এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার। ইতোমধ্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তিনি এ ব্যাপারে অবহিত নন।
তিনি আরও বলেন, কোনো বিদেশি মেহমান যখন আসে, তখন এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকে। ওনাদের সিদ্ধান্ত নিতে হবে তার (জাকির নায়েক) ব্যাপারে। ধর্ম উপদেষ্টা হিসেবে আমি এ বিষয়ে কোনো এখতিয়ার রাখি না। সিদ্ধান্ত আমি দিতে পারি না।’
জাকির নায়েকের আসার ব্যাপারে আপনার সম্মতি আছে কি-না–এমন প্রশ্নের জবাবে আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘না, আমার সম্মতি-অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান দেশে আসবেন সেটি দেখভাল করবেন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উনারা যদি পারমিট করেন তবে উনি আসবেন।’
জাতীয় নাগরিক পার্টি এখনো জুলাই সনদের স্বাক্ষর করেনি। নির্বাচনের সময় আছে তিন মাস। দেশ কি নির্বাচনের পথে যাচ্ছে- জানতে চাইলে ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমার তো মনে হয় নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে হাই-কমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ আছে। আমরা সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ নির্বাচন করতে পারব, এ বিষয়ে আমাদের প্রস্তুতি আছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা আছে। আমরা আশা করছি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।’
আরএ