দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদ ভবনস্থ জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে ঐকমত্য কমিশনের এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন যৌক্তিক বিষয় গুলো তুলে ধরা হয়।
বৈঠকে বৃহত্তর নোয়াখালীর ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও অর্থনৈতিক অবদান তুলে ধরে নেতারা বলেন, নোয়াখালী শুধু প্রশাসনিক সীমানা নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে এক প্রভাবশালী অঞ্চল, যার স্বাতন্ত্র্য ও সামর্থ্য বিবেচনায় বিভাগ গঠন সময়ের দাবি হয়ে উঠেছে।
আলোচনায় কমিশনের সদস্যরা মনোযোগ সহকারে মতামত শুনে বিষয়টিকে যৌক্তিক বলে অভিহিত করেন। তারা জানান, সরকার যেন বিভাগ গঠনের আগে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানি আয়োজন করে এবং জনগণের মতামত যাচাই করে এ বিষয়ে কমিশন চিঠির মাধ্যমে সুপারিশ পাঠাবে।
বৈঠকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, সদস্য ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ইফতেখারুজ্জামান, সদস্য মোহাম্মদ আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দার উপস্থিত ছিলেন।
নোয়াখালী বিভাগের পক্ষ থেকে নেতৃত্ব দেন নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলাল। তার সঙ্গে ছিলেন জেলা সমিতির সিনিয়র সহসভাপতি ও বিভাগ বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক, সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্লাহ, খুরশীদ আলম ও মো. মোজাম্মেল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতারা বৈঠক শেষে জানান, কমিশনের ইতিবাচক মনোভাব নোয়াখালী বিভাগের স্বপ্নপূরণের পথে নতুন আশার আলো জ্বেলেছে। তাদের বিশ্বাস, সরকার জাতীয় স্বার্থে এই বাস্তবসম্মত দাবিটি অচিরেই কার্যকর করবে।
জে আই