দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত চারটি স্বল্পমেয়াদী কোর্সের সনদ প্রদান অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালে প্রথমবারের মতো বিসিটিআইয়ের তত্ত্বাবধানে চার সপ্তাহব্যাপী এই কোর্সগুলো পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। সভাপতিত্ব করেন বিসিটিআইয়ের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। এছাড়া জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, কোর্স মেন্টর রফিকুল আনোয়ার, মো. আরিফুর রহমান ও নায়লা আজাদ নূপুরসহ অতিথিরা উপস্থিত ছিলেন।
চারটি কোর্স হলো: বেসিক ফিল্ম কোর্স, ২য় ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্স, ৩য় চলচ্চিত্র সম্পাদনা প্রশিক্ষণ এবং ৮ম চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয় প্রশিক্ষণ।
প্রশিক্ষণার্থীদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর তাদের হাতে সনদপত্র ও উপহার তুলে দেওয়া হয়।
তথ্য উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেন, দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তিনি তরুণ চলচ্চিত্র নির্মাতাদের শেখা দক্ষতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের আহ্বান জানান। তাঁর মতে, বাংলা চলচ্চিত্র শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের বাংলা ভাষাভাষী দর্শকের কাছে বিপণনের সুযোগ রাখে।
অনুষ্ঠানে সচিব মাহবুবা ফারজানা বিসিটিআইয়ের কার্যক্রমকে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত বলে মন্তব্য করেন। বক্তৃতা করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, প্রশিক্ষকরা ও চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তারা নতুনদের জন্য অভিজ্ঞদের জ্ঞান ও সুযোগ উন্মুক্ত করার আহ্বান জানান।
সবশেষে ‘তারুণ্যের উৎসব’-এর অংশ হিসেবে বিসিটিআইয়ের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই চারটি কোর্স থেকে ৬০ জন প্রশিক্ষণার্থী সনদ অর্জন করেন। প্রশিক্ষণকালীন সময়ে তারা ৩৬ জুলাইয়ের ছাত্র-গণআন্দোলন, কক্সবাজারের লবণ শিল্পসহ বিভিন্ন বিষয়ে প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র নির্মাণ করেন।
এমএস/