দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের তিন বিভাগ এবং উজানে ভারতের আসাম-ত্রিপুরায় ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সম্ভাবনা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন স্বাক্ষরিত এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারি বৃষ্টি হতে পারে। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপে পরিণত হয়ে ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ উড়িষ্যা–উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা ও আসামে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত হয়েছে। আগামী ৪ অক্টোবর সকাল পর্যন্ত বিচ্ছিন্নভাবে ভারি বর্ষণ চলতে পারে।
কেন্দ্র জানায়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহুরী, সেলোনিয়া ও ফেনী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিনে মুহুরী ও সেলোনিয়া নদী ফেনীতে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফেনী নদী চট্টগ্রাম অংশে সতর্কসীমায় প্রবাহিত হয়ে নদীসংলগ্ন এলাকায় সাময়িক প্লাবন ঘটাতে পারে।
এছাড়া রংপুর বিভাগের ধরলা ও দুধকুমার নদীর পানি কমলেও তিস্তার পানি স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিনে তিস্তা সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে লালমনিরহাট ও নীলফামারীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা আছে।
ময়মনসিংহ বিভাগের কংস, সোমেশ্বরী ও ভূগাই নদীর পানি আগামী তিন দিনে বাড়তে পারে। এতে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নিম্নাঞ্চল বন্যাকবলিত হতে পারে।
বরিশাল, খুলনা ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে উচ্চ জোয়ার বিরাজ করছে, যা আরও তিন দিন অব্যাহত থাকতে পারে।
এদিকে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আরএ