দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইইউ প্রতিনিধিদল এসেছে নির্বাচন কমিশনের আমন্ত্রণে। তারা স্বপ্রণোদিত হয়ে এসেছে, তা নয়। তারা যে এসেছে, এটি আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়ক হবে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) সচিবালয়ে ‘গন্তব্য: স্মার্ট বাংলাদেশ’ সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
মার্কিন প্রতিনিধিদলের সফর প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের নানাবিধ বহুমাত্রিক সহযোগিতা রয়েছে। যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। আমাদের বাণিজ্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে। রোহিঙ্গা সমস্যা, সেটি একটি মানবিক সমস্যা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। আপনারা দেখেছেন মার্কিন আন্ডার সেক্রেটারি সেখানে গিয়েছেন। মূলত এসব বিষয়ের জন্যই তারা এসেছেন।
‘সেখানে অবশ্য নির্বাচন প্রসঙ্গেও আলোচনা হতে পারে। এগুলো আমাদের উন্নয়নের ক্ষেত্রে, সহযোগিতার ক্ষেত্রে সহায়ক হবে। নির্বাচনের ক্ষেত্রেও সহায়ক হবে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের আগমন নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সহায়ক হবে। মার্কিন প্রতিনিধিদলের আগমন আমাদের সহযোগতিার সম্পর্ককে আরও দৃঢ় করবে’বলেন তথ্যমন্ত্রী।
একদফা আন্দোলনের ওপর ভিত্তি করে নতুন কিছু কর্মসূচি দিয়েছে বিএনপি। এ বিষয়ে জানতে তিনি বলেন, ২০১৮ সালে বেগম জিয়ার শাস্তি যখন নিশ্চিত হয়, তখনো এক দফা ঘোষণা করেছিল। কিন্তু সেটি হালে পানি পায়নি। আবার বেগম জিয়াকে মাঝেমধ্যে খুব অসুস্থ বানিয়ে, জীবন সংকটাপন্ন বলে মানুষের সহানুভূতি আদায়ের চেষ্টা করেছে। সেগুলোও হালে পানি পায়নি। গতকাল তারা পুরোনো কথাই নতুন করে বলেছেন, সেটি সরকারের পদত্যাগ। এটি নতুন কিছু নয়।
তথ্যমন্ত্রী বলেন, একটি জিনিস অবশ্যই প্রণিধানযোগ্য, সেটি হচ্ছে- তারা (বিএনপি) যে দাবি দিয়েছে, সেখানে তারা বলছেন সংসদ বিলুপ্ত করতে হবে। আমাদের সংবিধান অনুযায়ী, পরবর্তী সংসদ নির্বাচিত না হওয়া পর্যন্ত বর্তমান সংসদ বহাল থাকে। সংসদ বিলুপ্ত করার দাবি দুরভিসন্ধিমূলক। সরকারের পদত্যাগ বিভিন্ন সময় বিরোধীরা চান, সেটি চাইতেই পারেন। বিভিন্ন দেশে সরকারের পদত্যাগ চাওয়া হয়। সরকারের পদত্যাগ চাওয়ার অধিকার যে কারও আছে। কিন্তু সংসদ বিলুপ্ত করার দাবি-দাওয়া প্রচণ্ড দুরভিসন্ধিমূলক।
‘তারা আসলে দেশে একটি সাংবিধানিক সংকট তৈরি করতে চান। সাংবিধানিক সংকট তৈরি করে তারা অসাংবিধানিক কোনো কিছুকে জায়গা করে দিতে চান। সেটার লক্ষ্যে তারা সংসদ বিলুপ্ত করার দাবি দিয়েছেন। যেটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এবং গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার হীনউদ্দেশ্যে বিএনপি এ দাবি করেছে’ বলেন হাছান মাহমুদ।
বিএনপি ৩১ দফায় বলেছে যে পরপর দুই মেয়াদের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে না। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তারা নানা সময়ে নানা দফা দেন। কোনো সময় ৩১ দফা, কোনো সময় ৩২ দফা। এভাবে নানা দফা দেন। এ বিষয়ে তাদের মত কী, তারা আগে ব্যাখ্যা করুক, তারপর আমরা মতামত দেবো।’