দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবশেষে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য তাদের নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে। হোয়াইট হাউসের ওয়েবসাইটে ২ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভার্জিনিয়ার অভিজ্ঞ কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে।
তিনি সিনিয়র ফরেন সার্ভিসের ক্যারিয়ার সদস্য এবং কাউন্সেলর পদমর্যাদার কূটনীতিক। এখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিতে হলে মার্কিন সেনেটের অনুমোদন প্রয়োজন হবে।
ক্রিস্টেনসেনের বাংলাদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকার মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের শুরুর দিকে তিনি স্টেট ডিপার্টমেন্টের পাকিস্তান ও বাংলাদেশ বিষয়ক দপ্তরে বাংলাদেশ ডেস্ক অফিসার ছিলেন।
তার দীর্ঘ কর্মজীবনে নানা পদে দায়িত্ব পালন করেছেন তিনি। এর মধ্যে রয়েছে—
* আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র হস্তান্তর বিষয়ক দপ্তরের উপপরিচালক (২০১৬–২০১৯)
* মার্কিন কংগ্রেসের হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির এশিয়া ও প্যাসিফিক সাবকমিটিতে পিয়ারসন ফেলো (২০১৫–২০১৬)
* উত্তর কোরিয়া নীতির বিশেষ প্রতিনিধির বিশেষ সহকারী
* ফিলিপাইনের ম্যানিলায় মার্কিন দূতাবাসের অর্থনৈতিক উপদেষ্টা
* সৌদি আরবের রিয়াদে অর্থনৈতিক কর্মকর্তা
* ভিয়েতনামের হো চি মিন সিটিতে ভাইস কনসাল
২০২৪ সালের গ্রীষ্মে পিটার হাস তার মেয়াদ শেষ করার পর থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে রাষ্ট্রদূতের পদ শূন্য রয়েছে। এ সময় ধারাবাহিকভাবে কয়েকজন চার্জ দ্য অ্যাফেয়ার্স দায়িত্ব পালন করেছেন। বর্তমানে জানুয়ারি থেকে লিসা জ্যাকবসন এই দায়িত্বে আছেন।
এমএস/