দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগ মাধ্যমের গুজবে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেন, ‘তথ্য লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করব। দুর্ঘটনা দুর্ঘটনাই।’
আজ মঙ্গলবার (২২ জুলাই) এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
বিমানবাহিনী প্রধান বলেন, ‘একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা তদন্ত করে বের করবে কী ঘটেছিল। তার ভিত্তিতে কোনো ভুলত্রুটি থাকলে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।’
তিনি আরও বলেন, ‘পাইলট সর্বোচ্চ চেষ্টা করেছিলেন বিমানটিকে একটি খালি জায়গায় নামানোর জন্য এবং তিনি তার জীবন উৎসর্গ করেছেন।’
দয়া করে দেশের এই বিপদের সময় সামাজিক মাধ্যমের গুজবে কান দেবেন না। একটি শক্তিশালী বিমানবাহিনী স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য অপরিহার্য। দয়া করে গুজব ছড়িয়ে দেশের সার্বভৌমত্বের এই স্তম্ভকে দুর্বল করে দেবেনন না, বলেন তিনি।
বিমানবাহিনী প্রধান বলেন, ‘আহতরা যেন সবার সহযোগিতায় দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে সেটিই এখন মূল লক্ষ্য।’
তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থলে অশান্তি বিরাজ করছে, এটা দুঃখজনক। এখানে লুকানোর বা গোপন করার কিছুই নেই। কার কাছে গোপন করব। দুর্ঘটনা দুর্ঘটনাই।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিমান রক্ষণাবেক্ষণে বিমানবাহিনী কোনো আপস করে না।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনা প্রতিরোধে আমরা দৈনন্দিন ব্যবস্থা নিই। তবে আমরা অবশ্যই এই দুর্ঘটনা থেকে শিক্ষা নেব। বিমান সাধারণত সহজে পুরনো হয় না। প্রতিটি বিমানের একটি লাইফ টাইম আছে। এক যুগ, দুই যুগ ব্যাপার না। বিষয় হলো রক্ষণাবেক্ষণ। আমাদের রক্ষণাবেক্ষণ সব সময় ভালো হয়। এগুলো আমরা ভালোভাবেই মেরামত করি।’
হাসান মাহমুদ খাঁন বলেন, ‘প্রযুক্তি হয়তো পুরনো হতে পারে, কিন্তু এই বিমানগুলো পুরনো নয়।’
উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষার্থী হতাহতের ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের তথ্যমতে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া দুর্ঘটনায় বিভিন্ন হাসপাতালে ১৬৫ জন চিকিৎসা নিচ্ছেন।
/অ