দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস দ্বাদশ বর্ষে পদার্পণ করেছে। ২০১৪ সালের ১৭ জুলাই যাত্রা শুরু করা এ সংস্থাটি গত ১১ বছরে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ধারাবাহিকভাবে ফ্লাইট পরিচালনা করে আসছে।
ঢাকা-যশোর রুটে ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ দিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা বর্তমানে ২৪টি উড়োজাহাজের বহর নিয়ে পরিচালনা করছে যাত্রীসেবা। এর মধ্যে রয়েছে ২টি এয়ারবাস ৩৩০-৩০০ ও ৯টি বোয়িং ৭৩৭-৮০০।
সংস্থাটির অন-টাইম ফ্লাইট পরিচালনার হার ৯০ শতাংশের বেশি বলে দাবি করা হয়েছে। বর্তমানে ইউএস-বাংলা অভ্যন্তরীণ রুটে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে ফ্লাইট পরিচালনা করছে। ২০১৬ সালের ১৫ মে আন্তর্জাতিক রুটে ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট চালুর মধ্য দিয়ে আকাশপথে বিশ্ব সংযোগের যাত্রা শুরু করে তারা।
আন্তর্জাতিক গন্তব্যের মধ্যে রয়েছে— কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, আবুধাবি, জেদ্দা, রিয়াদ, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক ও চীনের গুয়াংজু।
খুব শিগগিরই বহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ যুক্ত করার পরিকল্পনা রয়েছে সংস্থাটির। ইউএস-বাংলা স্বাধীনতার পর প্রথম দেশীয় সংস্থা হিসেবে চীন, চেন্নাই এবং মালদ্বীপের মালে-তে সরাসরি ফ্লাইট চালু করেছে।
ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই ইউএস-বাংলার বিমান বহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যোগ করতে যাচ্ছে। ২০২৬ সালের মধ্যে লন্ডন, রোমসহ ইউরোপের বিভিন্ন গন্তব্য এবং ২০২৮ সালের মধ্যে নিউইয়র্ক ও টরন্টোতে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
সেবার মানের জন্য ইতোমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৫, ২০২২, ২০২৩ ও ২০২৪ সালে ‘বেস্ট ডমেস্টিক এয়ারলাইনস’ পুরস্কার অর্জন করেছে। বর্তমানে দেশে ও বিদেশে ইউএস-বাংলায় প্রায় ৩ হাজার কর্মকর্তা-কর্মচারী কর্মরত রয়েছেন।
একাদশ বর্ষপূর্তি উপলক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, “যাত্রীসেবায় মান নিশ্চিত করতে আমরা আধুনিক উড়োজাহাজ যুক্ত করছি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে পেরে আমরা গর্বিত। প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা যেকোনো ধরনের প্রতিযোগিতার চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত।”
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক ফ্লাইট অবতরণের পর মাত্র ১৫ মিনিটের মধ্যে লাগেজ ডেলিভারী। “আপনি লাগেজের জন্য অপেক্ষা করবেন না বরং লাগেজ আপনার জন্য অপেক্ষা করবে”- এই ধারণাকে প্রতিষ্ঠিত করার জন্যই ইউএস-বাংলা কাজ করে যাচ্ছে।
আরএ