দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অর্থের বিনিময়ে নৌবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার সঙ্গে জড়িত চক্রের ৩ সদস্যকে আটক করছে বাংলাদেশ নৌবাহিনী।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার খুলনা মহানগরীর খালিশপুর থানার গোয়ালখালী মোড় সংলগ্ন এলাকা থেকে মো. তরিকুল ইসলাম তারা এবং তার দুই সহযোগী মো. মামুন মুন্সী ও দুলাল সরদারকে চাকরি এক প্রার্থীর পিতার কাছ থেকে নগদ অর্থ গ্রহণকালে হাতে-নাতে আটক করা হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তরিকুল ইসলাম নিজেকে ‘কমান্ডার শফিকুল ইসলাম’ পরিচয় দিয়ে নৌবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়ার নামে ভুক্তভোগীদের কাছ থেকে চার-পাঁচ লাখ টাকা করে হাতিয়ে নিচ্ছিলেন। আটককালে তার কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, জাল ব্যাংক চেক, নৌবাহিনীর নাম ব্যবহার করে তৈরি ভুয়া সিল ও নথিপত্র জব্দ করা হয়। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয় এবং চালক রকিব হাসান জালালকেও আটক করা হয়। পরবর্তীতে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, তরিকুল ইসলাম এর আগেও একই অভিযোগে আটক হয়েছিলেন এবং জামিনে মুক্তি পেয়ে পুনরায় প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত হন।
প্রতিবছর নৌবাহিনীতে নাবিক ভর্তি কার্যক্রম চলাকালে এ ধরনের প্রতারক চক্র অবৈধভাবে অর্থের বিনিময়ে নৌবাহিনীতে চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণার চেষ্টা করে থাকে। নৌবাহিনী সদস্যদের তীক্ষ্ম নজরদারি, ভর্তি কার্যক্রমের সুব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারে এ ধরনের অবৈধ ও অপচেষ্টা মূলক কার্যক্রম অধিকাংশ ক্ষেত্রে রোধ করা সম্ভব হচ্ছে।
উল্লেখ্য, নৌবাহিনীতে টাকা লেনদেনের মাধ্যমে নিয়োগের কোনো সুযোগ নেই। এ বিষয়ে সকলকে প্রতারক চক্র থেকে সতর্ক থাকার অনুরোধ করা হয়েছে।
/অ