দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারের ফ্লাইট চলাচল ‘সাময়িকভাবে’ বন্ধ রাখা হয়েছে। শুক্রবার (২ মে) থেকে তাদের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
জানা যায়, ২ মে থেকে তারা সাময়িকভাবে ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছে। দুই সপ্তাহের মধ্যে পুনরায় ফ্লাইট পরিচালনা করবে বলে বেবিচককে জানিয়েছে।
নভোএয়ারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই নভোএয়ার তাদের বহরে থাকা পাঁচটি এটিআর বিমান বিক্রির চেষ্টা করছে। বিক্রির প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রেতা সংস্থার প্রতিনিধিরা এয়ারক্রাফট ইন্সপেকশন করতে আসবেন। ইন্সপেকশনের কারণে ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তবে ফ্লাইট কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে কিছু নিশ্চিত করেনি নভোএয়ারের কেউ।
ফ্লাইট স্থগিতের আগে নভোএয়ার ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহীতে প্রতিদিন অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনা করে। যাত্রী সংকটের কারণে গত বছরের সেপ্টেম্বর থেকে তাদের একমাত্র আন্তর্জাতিক রুটে কলকাতার ফ্লাইট স্থগিত করা হয়।
এদিকে দীর্ঘদিন ধরে উড়োজাহাজ সংস্থাটি বন্ধের গুঞ্জন চলছিল। সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে টিকিট বিক্রি শুরু করেছিল তারা। তবে গত ১৯ এপ্রিল হঠাৎ করেই টিকিট বিক্রি বন্ধ করে দেওয়ায় ধারণা করা হয়েছিল নভোএয়ার এবার বন্ধ হয়ে যাবে।
২০২৪ সালের জানুয়ারির শেষ দিকে নেপালের ইয়েতি এয়ারলাইন্সের কাছে দুটি এটিআর ৭২-৫০০ মডেলের এয়ারক্রাফট বিক্রি করে দেয় নভোএয়ার। ১ ফেব্রুয়ারি এয়ারক্রাফট দুটি বুঝে নেয় ইয়েতি এয়ারলাইন্স।
সে সময় বিষয়টি নিয়ে সংস্থাটির দায়িত্বশীল সূত্র একটি গণমাধ্যমকে বলেছিলেন, লম্বা রুটের জন্য এয়ারক্রাফট কিনতেই স্বল্প দূরত্বে ওড়ার উপযোগী এটিআরের এয়ারক্রাফটগুলো বিক্রি করে দিচ্ছেন তারা।
এফএইচ/