দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি অর্থবছরের (২০২২-২৩) ১৫ জুন পর্যন্ত ১০ লাখ ৭৪ হাজার ৫৫২ জন কর্মী বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে কাজের উদ্দেশে গেছেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
সোমবার (২৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান।
সরকারি দলের সদস্য আলী আজমের প্রশ্নের লিখিত জবাবে মন্ত্রী আরও জানান, গত অর্থবছরের (২০২১-২২) একই সময়ে (১৫ জুন, ২০২২) ৯ লাখ ৭ হাজার ৭ জন বিদেশে গিয়েছিলেন। গত বছরের তুলনায় চলতি অর্থবছরে ১৫ দশমিক ৫৯ শতাংশ বেশি কর্মী বিদেশে গেছেন।
সরকারি দলের সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে মন্ত্রী ইমরান আহমদ জানান, জনশক্তি রফতানির উদ্দেশ্যে নতুন নতুন দেশের সঙ্গে চুক্তির পরিকল্পনা রয়েছে। বর্তমানে লিবিয়া, মাল্টা, আলবেনিয়া, রোমানিয়া ও সার্বিয়ার সঙ্গে চুক্তি সম্পাদনের কার্যক্রম চলমান রয়েছে।
সরকারি দলের আরেক সংসদ সদস্য নুরন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণ মন্ত্রী জানান, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে গত ১৩ জুন পর্যন্ত এক লাখ ১৪ হাজার ৫২১ বিদেশগামীকে ২ হাজার ৮১ কোটি ৩৬ লাখ টাকার বিভিন্ন ধরনের অভিবাসন ঋণ হিসেবে বিতরণ করা হয়েছে।