দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইডেন সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখীকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে নিজ বিভাগে প্রত্যয়নপত্র নিতে আসলে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে বিকেল সাড়ে ৩টার পর বৈশাখীকে লালবাগ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
কলেজের শিক্ষার্থীরা বলেন, সামিয়া আক্তার বৈশাখী মার্কেটিং বিভাগে প্রত্যয়নপত্র নিতে আসলে শিক্ষার্থীদের চোখে পড়ে। পরে তারা বৈশাখীকে আটক করে দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। পরে প্রশাসনের সহায়তায় তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু।
তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক বৈশাখীকে আটক করা হয়েছে। সে কলেজে সার্টিফিকেট তুলতে গিয়েছিল বলে আমরা জানতে পেরেছি। পরে তাকে শিক্ষার্থীরা আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।
বৈশাখী আক্তার কলেজটির মাকের্টিং বিভাগের শিক্ষার্থী। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, হলে সিট-বাণিজ্যসহ একাধিক অভিযোগ রয়েছে। বিশেষ করে গত জুলাই মাসের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার নাম উঠে আসে। এ ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শিক্ষার্থীরা তার শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন।
প্রসঙ্গত, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে গত ২৩ অক্টোবর রাতে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়।
এফএইচ/