দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ড্যানিস সেমিহাল।
সোমবার (১৯ জুন) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
ফোনালাপে সেমিহাল বাংলাদেশ ও ইউক্রেন মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাজ করার বিষয়ে তার দেশের সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
প্রধানমন্ত্রী ইউক্রেন থেকে খাদ্য শস্যের নির্বিঘ্ন পরিবহনের ব্যাপারে আশা প্রকাশ করে বলেন, ‘‘বাংলাদেশ চায় বিদ্যমান যুদ্ধের অতি দ্রুত অবসান হোক- যেন বিশ্বের ‘ব্রেড বাস্কেট’ খ্যাত ইউক্রেন থেকে খাদ্যশস্য সহজেই খাদ্য ঘাটতির দেশগুলোতে পাঠানো যায়।’
প্রধানমন্ত্রী ডেনিস সেমিহাল আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে জাতিসংঘ ও অন্যান্য সংগঠনে ইউক্রেনের পাশে থাকার জন্য অনুরোধ করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতি অনুযায়ী সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল। তিনি সব বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিকে সমর্থন করেন এবং যা সব ক্ষেত্রে সার্বজনীনভাবে পালিত হওয়া আবশ্যক।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান যুদ্ধে সাধারণ জনগণ ও শিশুদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আমরাও যুদ্ধ থেকে উঠে এসেছি। যুদ্ধ কোনো পক্ষের জন্যই মঙ্গল বয়ে আনে না। বাংলাদেশ শান্তির নীতিতে বিশ্বাসী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস সেমিহালের সুস্বাস্থ্য কামনা করেন এবং ইউক্রেনের জনগণের কল্যাণ প্রার্থনা করেন।