দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী বছর জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা পাবেন ট্রেইনি চিকিৎসকরা। এর আগ পর্যন্ত ৩০ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আগামী জানুয়ারি থেকে ৩০ হাজার টাকা করে এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা ভাতা পাবেন ট্রেইনি চিকিৎসকরা।
সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমানের নেতৃত্বে আন্দোলনকারী চিকিৎসকদের পক্ষে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস সোসাইটির সভাপতি ডা. জাবির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নুরুন্নবীসহ অনেকে উপস্থিত ছিলেন।
এছাড়াও বৈঠকে অন্যদের মধ্যে জাতীয় নাগরিক কমিটির ডা. মোহাম্মদ আব্দুল আহাদ, ডা. হুমায়ুন কবীর হিমু, ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ড্যাব) কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক আতিয়ার রহমান, যুগ্ম সম্পাদক ডা. রুহুল কুদ্দুস বিপ্লবসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল থেকে ভাতা বৃদ্ধির দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বটতলা চত্বরে জড়ো হতে থাকেন ট্রেইনি চিকিৎসকরা। পরবর্তীতে বেলা সাড়ে ১১টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। ওই সময় ভাতা বৃদ্ধির দাবিতে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়।
আরএ