দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন তিনি।
বর্তমানে ড. মুহাম্মদ ইউনূসের রাজধানীর গুলশানের বাসায় পিজিআর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বিমানবন্দর থেকে ক্যান্টনমেন্ট, এরপর সেখান থেকে গুলশান হয়ে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবেন।
এর আগে বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ড. মুহাম্মদ ইউনূসকে বহনকারী এমিরেটসের ফ্লাইটটি (ইকে-৫৮২)।
বিমানবন্দরে সংবাদ সম্মেলনে ড. ইউনূস বলেন, 'আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। কি অবিশ্বাস্য একটি সাহসী যুবক। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। তারপর থেকে কোনো যুবক আর হার মানে নাই। সামনে এগিয়ে গেছে। বলেছে, যত গুলি মারুক আমরা আছি। যার কারণে সারা বাংলাদেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে। যার কারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল।'
তরুণ সমাজকে ধন্যবাদ জানিয়ে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ আরও বলেন, 'তারা যেন নিজেদের মতো করে দেশটা সাজাতে পারে। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম সে বাংলাদেশ যেন পূর্ণতা পায়। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন করে বিজয় পেল তাও যেন পূর্ণতা পায়। '
এদিকে মঙ্গলবার রাতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আজ রাত ৮টায় তার নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেয়ার কথা রয়েছে।
এফএইচ