দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কোটা আন্দোলনকে কেন্দ্র করে যেসব সম্পদ ধ্বংস হয়েছে সেগুলো আবার করা যাবে। তবে যত প্রাণহানি হয়েছে তার তুলনায় এসব ধ্বংস কিছুই না বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ।
সোমবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন।
সোহেল তাজ বলেন, কোটা আন্দোলন ঘিরে যে সম্পদ ধ্বংস হয়েছে তা জনগণের টাকায় আবার করা যাবে। কিন্তু প্রাণের তুলনায় এই সম্পদ কিছুই না।
সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিবেকের তাড়নায় সাধারণ নাগরিক হিসেবে ডিবিতে এসেছি সমন্বয়কদের সঙ্গে দেখা করতে, দেশের ওপর সবার হক আছে। এজন্য এসেছি ছাত্র-ছাত্রীদের বুকে যেন আর একটাও গুলি না করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ, প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে।
আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এই দেশ তোমাদের, আশা ছাড়া যাবে না। সবসময় অন্যায়ের প্রতিবাদ করতে হবে।
ছয় সমন্বয়ককে ছাড়া হবে কি না— এমন এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি বিষয়টি নিয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে বলেছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে তাদের ছাড়া হবে।
আরএ