দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। তার এই সফরকে ঘিরে আবার সরব হয়ে উঠেছে বিভিন্ন মহল। গত ৭ জানুয়ারির নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি তার প্রথম সফর। এ নিয়ে ডেনাল্ড লুর বাংলাদেশে ৫তম সফর।
এর আগে গত বছরের জুলাইতে তিনি সর্বশেষ বাংলাদেশ সফর করেন। সে সময় নির্বাচন নিয়ে এবং মার্কিন ভিসা নীতিসহ নানামুখী তৎপরতার মধ্য দিয়ে সেই সফরটি আলোচিত ছিল।
তার সফরের পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভিসা নীতির প্রয়োগ নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি প্রকাশ করে। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী বা এর সঙ্গে জড়িতদের ওপর ভিসা বিধিনিষেধ প্রয়োগে পদক্ষেপ নিচ্ছে। এর আওতাধীন ব্যক্তিদের মধ্যে আইন-শৃঙ্খলা প্রয়োগকারী বাহিনীর সদস্য, সরকারি ও বিরোধী দলের সদস্যরাও রয়েছেন। বাংলাদেশে শান্তিপূর্ণ উপায়ে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার স্বাক্ষরিত সেই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, এসব ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বিবেচিত হবেন। এর বাইরে বাংলাদেশে ভবিষ্যতে আরো যাদের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ন করায় দায়ী বা জড়িত হিসেবে পাওয়া যাবে, তারাও এ নীতির অধীনে মার্কিন ভিসার জন্য অযোগ্য হিসেবে গণ্য হবেন। বাংলাদেশের বর্তমান ও সাবেক কর্মকর্তা, বিরোধী ও সরকারি রাজনৈতিক দলের সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচার বিভাগ ও নিরাপত্তা সেবাদাতা সংস্থার সদস্যদের ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য হবে।
যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর ৭ জানুয়ারি নির্বাচনে জয়ের মধ্য দিয়ে সরকার গঠন করে বাংলাদেশ আওয়া লীগ। সরকার গঠনের পরে এই প্রথম মার্কিন পররাষ্ট্র দপ্তরের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তা বাংলাদেশ সফর করছেন।
ডোনাল্ড লুর বাংলাদেশ সফর এবং ভিসানীতি বিষয়ে মঙ্গলবার (১৪ মে) সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের জানান সরকার স্যাংশন-ভিসা নীতি কেয়ার করে না। তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর আসা নিয়ে আমার কিছু বলার নেই। একটা দেশের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, এটা নিয়ে এত মাতামাতি কিসের।
তবে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, ডোনাল্ড লু’র ঢাকা সফরে র্যাবের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এবং ভিসানীতি তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে।
এফএইচ