দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার জন্য শিক্ষা মন্ত্রণালয় যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। রোববার (৫ মে) দুপুরে রাজধানীর সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে কথা বলেন তিনি।
জনপ্রশাসন মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয় চাকরিতে বয়সসীমা নিয়ে যে সুপারিশ পাঠিয়েছে তা সরকারের নীতিগত সিদ্ধান্ত। এটা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আলোচনা করব। তিনি যে নির্দেশনা দেবেন সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী চাকরির বয়স ৩৫ বছর নিয়ে সংসদে কথা বলেছেন। তিনি এটিকে নিরুৎসাহিত করে বলেছেন, এর ফলে অবসরের সময় নিয়ে সমস্যা হতে পারে। এরপরও বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা হবে। বাস্তবতা বিবেচনায় নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
এর আগে, গত ৩০ এপ্রিল সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানোর কথা জানান শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের পক্ষে একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি সুপারিশ করেছেন। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সিদ্ধান্ত গ্রহণ করবে।