দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচলের সময় বাড়তে পারে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের আহ্বান করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সংবাদ সম্মেলনে সময় বাড়ানোর ঘোষণা আসতে পারে বলে একটি গনমাধ্যমকে জানিয়েছেন ডিএমটিসিএল’র জনসংযোগ কর্মকর্তা আফতাব মাহমুদ গালিব ।
এখন পর্যন্ত ১৬টি স্টেশনে মেট্রোরেল চলাচল করছে। এগুলো হচ্ছে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল। এরমধ্যে সর্বশেষ ৩১ ডিসেম্বর কারওয়ান বাজার এবং শাহাবাগ স্টেশন চালু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রোরেল।
বর্তমানে ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেল চলাচল করছে ।
এর আগে গত ৭ ডিসেম্বর ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেছিলেন, সব স্টেশন চালু হওয়ার পর দিন-রাত চলাচল করবে মেট্রোরেল।
উল্লেখ্য, ২০১৭ সালের ৩ আগস্ট মেট্রোরেল প্রকল্পের পাইলিং কাজের উদ্বোধন করেন সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উদ্বোধন করেন। ওইদিন তিনি সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গসহ নানা শ্রেণিপেশার দুই শতাধিক যাত্রী নিয়ে উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণ করেন। এর একদিন পর ২৯ ডিসেম্বর সাধারণ যাত্রীদের পরিবহনের মধ্য দিয়ে বাণিজ্যিকভাবে চালু হয় মেট্রোরেল।
এফএইচ