দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। ইতোমধ্যে নতুন মন্ত্রিসভা গঠনের অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় পরে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন জানান, নতুন মন্ত্রিসভার জন্য ৩৬ জনকে শপথ গ্রহণের জন্য আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
ডাক পাওয়া ২৫ জন পূর্ণমন্ত্রী এবং অতিরিক্ত ১১ জনকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হচ্ছে বলে জানান সচিব। তাদের মধ্যে মোট ১৮ জন নতুন মুখ। অনেকে প্রথমবার মন্ত্রিসভায় দায়িত্ব পেতে যাচ্ছেন, আবার কয়েকজন বিভিন্ন সময় মন্ত্রিসভায় ছিলেন।
একাদশ জাতীয় সংসদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ মন্ত্রী, ১৯ প্রতিমন্ত্রী এবং ৩ জন উপমন্ত্রী ছিলেন। সে হিসেবে এবারের মন্ত্রিসভার আকার কিছুটা ছোট হচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হবে। এর অংশ হিসেবে নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য প্রাথমিকভাবে ৪০টি গাড়ি হস্তান্তরের জন্য প্রস্তুত করেছে সরকারি যানবাহন অধিদপ্তর। পাশাপাশি অতিরিক্ত আরও পাঁচটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে, যাতে চাওয়ামাত্রই দেওয়া যায়।
নতুন ১১ মন্ত্রী
মুহাম্মদ ফারুক খান (গোপালগঞ্জ-১); আবুল হাসান মাহমুদ আলী (দিনাজপুর-৪); মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪); মো. আব্দুর রহমান (ফরিদপুর-১); আব্দুস সালাম (ময়মনসিংহ-৯); সাবের হোসেন চৌধুরী (ঢাকা-৯); জাহাঙ্গীর কবির নানক (ঢাকা-১৩); নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬); উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩); মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২) ও ডা. সামন্ত লাল সেন।
নতুন মন্ত্রিসভায় ডাক পাওয়াদের মধ্যে মুহাম্মদ ফারুক খান নবম জাতীয় সংসদের মন্ত্রিসভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, দশম সংসদে আবুল হাসান মাহমুদ আলী ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়া সাবের হোসেন চৌধুরী নৌপরিবহন উপমন্ত্রী হিসেবে ৩১ ডিসেম্বর ১৯৯৭ থেকে ২৪ ডিসেম্বর ১৯৯৮ পর্যন্ত দায়িত্ব পালন করেন। আর ২৪ ডিসেম্বর ১৯৯৮ থেকে ১৫ জুলাই ২০০১ পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জাহাঙ্গীর কবির নানক সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী ছিলেন।
নতুন ৭ প্রতিমন্ত্রী
সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪); মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭); মো. মহিবুর রহমান (পটুয়াখালী-৪); কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি); বেগম রুমানা আলী (গাজীপুর-৩); শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২); আহসানুল ইসলাম টিটু (টাঙ্গাইল-৬)।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট হয়। নওগাঁ-২ আসনের প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন স্থগিত করা হয়েছে। ওই আসনের নির্বাচনের জন্য নতুন করে শিডিউল দেওয়া হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি নির্বাচন হবে। আর সংঘর্ষের ঘটনায় ময়মনসিংহ-৩ আসনের ফলাফল স্থগিত করে দেওয়া হয়েছিল। সেই নির্বাচন চলতি মাসের ১৩ তারিখে অনুষ্ঠিত হবে।
২৯৮ আসনের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ পেয়েছে ২২২ আসন। জাতীয় পার্টি ১১টি আসনে জয় পেয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থীদের জয়ের হার এবার বেশি। তারা ৬২টি আসনে জয় পেয়েছেন।
অন্যদিকে মহাজোটের শরিক ওয়ার্কার্স পার্টি ও জাসদের প্রার্থী নৌকা প্রতীকে নির্বাচন করে একটি করে আসন পেয়েছেন। বাংলাদেশ কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমও কক্সবাজারের একটি আসন থেকে জয় পেয়েছেন।
ডিপি/